২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে বাড়ির কাছে রাস্তায় পড়েছিল বাবুর্চির গুলিবিদ্ধ লাশ

স্থানীয়রা পুলিশকে জানায়, গভীর রাতে তারা একটা গুলির শব্দ পেয়েছে। কিন্তু ভয়ে কেউ ঘর থেকে বের হননি।

খাগড়াছড়িতে বাড়ির কাছে রাস্তায় পড়েছিল বাবুর্চির গুলিবিদ্ধ লাশ
গড়াছড়িতে দীঘিনালায় গুলিতে নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 09:58 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

খাগড়াছড়িতে দীঘিনালা উপজেলায় বাড়ির কাছের রাস্তা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া। 

নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) পেশায় একজন বাবুর্চি। তিনি একই এলাকায় মৃত বদন ত্রিপুরার সন্তান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ওসি জাকারিয়া বলেন, “স্থানীয়রা আমাদেরকে জানান- গভীর রাতে তারা একটা গুলির শব্দ পেয়েছে। এরপর ভয়ে কেউ ঘর থেকে বের হননি। খবর দেওয়ার পর সকালে গিয়ে আমরা নিহত স্বর্ণ কুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করি। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।” 

স্বর্ণ কুমার ত্রিপুরার ছেলে হিরাময় ত্রিপুরা বলেন, “কাজ থাকলে বাবা প্রায় রাত করে বা বাড়িতে ফিরতেন না। গতরাতেও তিনি বাড়ি ফিরেননি। ভোরে একজন অটোরিকশাচালক বাড়ি এসে রাস্তায় বাবার লাশ পড়ে থাকার খবর দেন।“

ওসি জাকারিয়া বলেন, “স্বর্ণ কুমার আঞ্চলিক কোনো সংগঠনের সঙ্গে জড়িত না বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।”

“সুরতহাল রির্পোট শেষ করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠাব।”

এছাড়া নিহতের সন্তান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।