১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

এ সময় তিনি সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন ও বিজিবির সঙ্গে মতবিনিময় করেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 04:34 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ ও প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে স্থাপনাগুলো ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রদূত সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

তার সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, সফরকালে রাষ্ট্রদূত প্রাচীন গৌড় অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সীমান্ত এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তার এ পরিদর্শনকে এলাকার ঐতিহ্য ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের প্রতিফলন হিসেবে দেখছেন তারা।

ছোট সোনামসজিদ সুলতানি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন।