০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে এক কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন হাসপাতালে

আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 09:48 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডামুড্যা পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরটি লোকজনকে কামড়ায়।

পরে আহতরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। তারা সবাই ডামুড্যা পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, সকালে পৌর এলাকায় একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। একপর্যায়ে কুকুরটি লোকজনকে কামড়াতে শুরু করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল হোসেন বলেন, বাসা থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গেলে একটি কালো কুকুর হঠাৎ তার পায়ে কামড় দেয়। পরে তিনি জানতে পারেন, কুকুরটি আরও অনেককে কামড়েছে।

ফাতেমা বেগম বলেন, হঠাৎ দৌড়ে এসে কুকুরটি তার পায়ে কামড় দেয়। এতে তিনি আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শাহ আলম সিদ্দিকী বলেন, সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।