১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমি খাতের সমস্যা নিরসনে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: ভূমিমন্ত্রী

“এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা একইস্থানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নামজারি, খতিয়ান সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।”

ভূমি খাতের সমস্যা নিরসনে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: ভূমিমন্ত্রী
রাজশাহী নগরের পদ্মা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর করার কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজশাহী-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। 

“এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা একইস্থানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নামজারি, খতিয়ান সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি ভোগান্তি হ্রাস পাবে।”

শুক্রবার সকালে রাজশাহী নগরের পদ্মা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রণালয় আইন অনুযায়ী পরিচালিত হয় জানিয়ে মিনু বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব স্থানে অনিয়ম বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

“ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রধান লক্ষ্য হচ্ছে, সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা”, যোগ করেন তিনি।

নিজ জেলার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। 

স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন নবনির্বাচিত সংসদ সদস্য মিনু।

এদিন সকাল থেকে রাজশাহী সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।