১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে পিস্তল-গাঁজা-ইয়াবাসহ যুবক আটক

রোববার সকালে উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ ফরহাদ ইসলাম কুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুরে পিস্তল-গাঁজা-ইয়াবাসহ যুবক আটক
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ফরহাদ ইসলাম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

ফরিদপুরের একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-মাদক, বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। 

শনিবার মধ্যরাতে কানাইপুরে বিসমিল্লাহ বেকারি সংলগ্ন হেলাল উদ্দিনের বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ আর ই ব্যাটালিয়নের ফরিদপুর ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানান ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান। 

আটক মো. ফরহাদ ইসলাম ওরফে কুটি (৩৮) ওই বাড়ির মালিক হেলাল উদ্দিনের ছেলে।

অভিযানে উদ্ধার করা হয় একটি পিস্তল ও ম্যাগাজিন, চারটি লাইটার পিস্তল, দুই কেজি গাঁজা, ১৭৮টি ইয়াবা, তিনটি চাইনিজ কুড়াল, ১৬টি ধারালো দেশি অস্ত্র এবং ৯টি স্মার্টফোন ও চারটি মদের খালি বোতল। 

ফরহাদ ইসলাম কুটি দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ স্থানীয়দের। 

ওসি আসাদুজ্জামান বলেন, অভিযানের পর রোববার সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধারকৃত অস্ত্র-মাদকসহ ফরহাদ ইসলাম কুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতির ব্যবস্থা চলছে বলেও জানান ওসি।