Published : 27 Feb 2026, 08:34 PM
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিমন্ত্রী (অর্থ ও পরিকল্পনা) জোনায়েদ সাকিকে নিরাপত্তা ও ‘গার্ড অব অনার’ দিতে যাওয়া পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হয়েছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, শুক্রবার সকালের দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দরিভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মো. নিজাম, নায়েক জুয়েল মিয়া, কনস্টেবল মো. শরিফ, মো. মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান।
আহতদেরকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে ঢাকা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নিজের সংসদীয় আসনে সফরে আসেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রতিমন্ত্রীকে নিরাপত্তা (প্রটোকল) দিতে সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনস থেকে পুলিশের একটি গাড়ি বাঞ্ছারামপুর উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। পথে একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ ঘটনার পর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান এবং আহতদের খোঁজ-খবর নেন।