১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বাড়িতে ডাকাতি, দোকানে চুরি

ডাকাতরা ঘরের আলমিরাতে রাখা ‍তিন লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও চারটি স্মার্টফোনসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর জেলা শহর মাইজদীতে তালা ভেঙে চুরি হয়েছে চার দোকানে। 

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার ভোরের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ছিদ্দিক আহমদ চট্টগ্রামে ব্যবসা করেন। এ বাড়িতে তার মেজো বোন কহিনূর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর ধরে বসবাস করছেন।

ছিদ্দিক আহমেদের শ্যালক মহিন উদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে ডাকাতদল প্রধান ফটক ও ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। পরে ডাকাতরা ঘরের আলমিরাতে রাখা ‍তিন লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও চারটি স্মার্টফোনসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

কহিনূর বেগমের ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ টাকা জোগাড় করে আলমিরাতে রাখা ছিল বলে জানান তিনি।  

পাশের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলে আটজন সদস্য ছিল বলেও জানান তিনি। 

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাতের কোনো এক সময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটেছে।  

তিনতলা ভবনটির তালা ভেঙে চারটি দোকানে এই চুরি হয়। চোরের দল ৮২ হাজার টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার কাপড় চুরি করে নিয়ে গেছে। 

ওসি কামরুল আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।