Published : 25 Mar 2026, 01:13 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টার দিকে মুক্তারপুর গ্রামে শহিদুল ইসলাম ঢালী নামের ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানিয়েছেন।
দামুড়হুদা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার মওলা বক্স ঢালীর ছেলে ৫৩ বছর বয়সী শহিদুল পেশায় বাবুর্চি ছিলেন।
স্থানীয়রা বলছে, শহিদুলের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। ওই সময় চাচাত ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেয়।
শহিদুল মীমাংসার জন্য গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে শহিদুলের মাথায় আঘাত লাগে।
তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল মারা যান।
ওসি মেসবাহ উদ্দিন বলছেন, “জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাত ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুলের মৃত্যুর আগে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল।”
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।