Published : 18 Jul 2026, 09:55 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার বাসিন্দা। তিনি সরাইল বিকেল বাজারে ‘সাইফুল গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
আহত চালক তানিম আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আব্দুল কুদ্দুস বলেন, সাইফুল একটি প্রাইভেট কারে করে বিজয়নগরে গিয়েছিলেন। ফেরার পথে মুকুন্দপুর রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি রেললাইনে আটকে যায়।
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা সাইফুল ও চালক তানিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান ছিলেন না। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে।