মেঘনায় পুলিশের সঙ্গে ‘ডাকাতদের গোলাগুলি’
“আমাদের দিক থেকে ২৪ রাউন্ডের মতো গুলি চালানো হয়। কোনো পুলিশ আহত হননি। ‘সন্ত্রাসীরা’ আহত হয়েছে কিনা, আমি বলতে পারব না,” বলেন ওসি।
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ‘ডাকাতদের’ সঙ্গে গোলাগুলি হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সোমবার সন্ধ্যার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে পুলিশের অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশের নৌকাকে লক্ষ্য করে গুলি চালান ডাকাতদলের সদস্যরা।
গজারিয়া থানার ওসি মো.আনোয়ার আলম আজাদ বলেন, “পিয়াসের নেতৃত্বে পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তারা চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকে।
“আমাদের দিক থেকে ২৪ রাউন্ডের মতো গুলি চালানো হয়েছে। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে কোনো ‘সন্ত্রাসী’ আহত হয়েছে কিনা, আমি বলতে পারব না।”
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “নৌ ডাকাতরা সম্ভবত চাঁদা তোলার উদ্দেশ্যে নদীতে নেমেছিল। পুলিশ থাকার কারণে সুবিধা করতে পারেনি। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে আমাদের কেউ আহত হননি।”
