নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত
ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
রোববার সন্ধায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তামিম রহমান (১৫) পৌর শহরের বাসাইল এলাকার ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তামিমের মা বাটিতে করে কাঠাল দিয়ে তাকে সদর উপজেলা মোড়ে ফুফুর বাসায় পৌঁছাতে পাঠান। ফুফুর বাসায় যাওয়ার পথে জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল তামিম। এসময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।
নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই এম বি এম জহুরুল ইসলাম বলেন, তামিমের মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
