পাবনায় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার
তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একটি মামলারও পলাতক আসামি।
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে শহরের আলোবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চারটি গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শিরহান শরীফ তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তার বাবা আওয়ামী লীগ নেতা শামসুর রহমান শরীফ ডিলু পাবনা-৪ আসনে পাচঁবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০২০ সালে ডিলুর মৃত্যুর পর ২০২৪ সালের নির্বাচনে আরেক ছেলে গালিবুর রহমান শরীফ এই আসনের সংসদ সদস্য হন।
তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একটি মামলারও আসামি। গত ৫ অগাস্ট সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তমালকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
