Published : 31 Aug 2026, 10:19 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কে উপজেলার চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।
নিহত ইজিবাইক চালক ওয়াজিদ মিয়া (২৫) উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি তরিকুল বলেন, ইজিবাইকটি রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।