২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা

“আমার ভাইকে যদি জীবিত রাখতে চান, তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে।”

হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদির’ নামে লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাসুমা হাদি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার করতে দেশে ‘বিপ্লবী সরকার’ চেয়েছেন বোন মাসুমা হাদি।

তিনি বলেছেন, বাংলাদেশে বিপ্লবী সরকার হতে হবে। এই বিপ্লবী সরকার ওসমান হত্যার বিচার না করে, তাহলে আর কোনো ওসমান জন্ম নেবে না। কোনো পরিবার আর কোনো ওসমানকে দেশে রাখবে না। ওসমান শুধু বাংলাদেশের না সারাবিশ্বে জুলুম দের ওসমান।”

শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদির’ নামে লঞ্চঘাটের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে। অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। 

“সরকার এ বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল, আসামি যদি পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকে, সেখান থেকেও ফিরিয়ে আনা সম্ভব। আমরা সবাই চাই শুধু হাদির হত্যাকারীর বিচার না, এর পেছনে যারা জড়িত সেটা যাতে বের হয়ে আসে। সে যেই হোক না কেনও।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাদির ছোট বোন মাসুমা বলেন, “আমার ভাইকে যদি জীবিত রাখতে চান, তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে। ওসমান হাদিকে মেরে দেশেকে আরও হাজার বছর পিছিয়ে দিল। 

“ওসমান হাদি যদি আর পাঁচটা বছর বেঁচে থাকত, এদেশেকে এমন একটা জায়গায় নিয়ে যেত, যেখানে আপামর জনতার বাংলাদেশ হত।” 

ওসমানকে কী ভারত হত্যা করেছে? শুধু আওয়ামী লীগ হত্যা করেছে? এর পেছনে অনেক এজেন্ট কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, “ওসমান হাদির মাথায় গুলির মধ্য দিয়ে বাংলাদেশে আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করছে। 

“ওসমান হাদি যদি বেঁচে থাকত! চাঁদাবাজ ও সন্ত্রাসরা বুঝে গেছে, ক্ষমতার দোহাই দিয়ে আর কোনো কাজ করা যাবে না। টাকা দিয়ে কাউকে কেনা যাবে না।”

ওসমান হাদির বোন বলেন, “এই সরকার আজকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু কেন হলো না? অন্তর্বর্তী সরকার কেনও চুপ্পুর (রাষ্ট্রপতি) হাতে ক্ষমতা দিল। তিনি স্বৈরশাসক হাসিনার লোক।

“যখনই তার কাছে শপথ পাঠ করলেন, তখনই আন্দোলন ব্যাহত হল। আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।”

সংসদ নির্বাচনের টাকার খেলা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “সামনে নির্বাচনে হাজার হাজার মোটরসাইকেল ও টাকা দিয়ে মিছিল করানো এগুলো বন্ধ করতে হবে। 

“যদি এগুলো বন্ধ করা হয়, তখনই ভালো মানুষ রাজনীতিতে আসবে। টাকার খেলা যাতে না থাকে। নির্বাচনে মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। যারা বাংলাদেশপন্থি রাজনীতি করবে তাকে ভোট দেবেন।”

অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব এবং ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।