Published : 23 Nov 2025, 02:36 PM
পিরোজপুর সদর উপজেলায় ‘ডাকাত দলের সদস্য’ সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আহত হয়েছেন একজন।
শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম
নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি তবে আহত সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের অনুকুল রায়ের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রধারী ৬-৭ জনের ডাকাত দল প্রবেশ করে। দরজা খুলে দিতে বাধ্য করার জন্য ডাকাতরা ঘরের বাইরে অবস্থানরত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে।
পরে গৃহকর্তা বাধ্য হয়ে দরজা খুলে দিলে ঘরে ঢুকেই তারা অনুকুল রায়ের পরিবারের সবাইকে জিম্মি করে এবং তার মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিঙ্কু রায়কে মাথায় আঘাত করে আহত করে।
পরে ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৫ ভরি সোনা, ৮ ভরি রুপা, একটি স্মার্টফোন ও ১৩ হাজার ৫০০ টাকা লুট করে দ্রুত পালানোর চেষ্টা করে।
কিন্ত পরিবারের সদস্যদের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাত দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত স্থানীয়রা আটক দুজনকে মারধর করলে তারা গুরুতর আহত হয়।
ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করেন।
বাকিরা পালিয়ে গেছে, তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।