১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় হত্যা মামলায় সরকারি কৌঁসুলি কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি জিল্লুর রহমান।

বগুড়ায় হত্যা মামলায় সরকারি কৌঁসুলি কারাগারে
আশিকুর রহমান সুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 01:43 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বগুড়ায় শ্রমিকদল নেতা হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আশিকুর রহমান সুজন আওয়ামী আইনজীবি পরিষদের যুগ্ম সম্পাদক। 

রোববার বেলা ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোছাদ্দেক আলী। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি জিল্লুর রহমান। 

সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ৫২ নম্বর আসামি ছিলেন আইনজীবী আশিকুর রহমান সুজন।

কোর্ট পুলিশ পরিদর্শক আরও বলেন, আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। 

উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরো এক মামলা