১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেতুর উদ্বোধন মঞ্চে হামলা-ভাঙচুর: ৩০০ জনকে আসামি করে মামলা

তিন দিন আগে বরিশালের আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 

ঘটনার দুই দিন পর সোমবার রাতে অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করে মুলাদী থানায় মামলাটি করা হয় বলে জানান একই থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনউদ্দিন।

তিনি বলেন, সেতু নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক মেহেদি হাসান মৃধা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর ও চুরিসহ হুমকির অভিযোগ আনা হয়েছে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচি চর দাখিল মাদ্রাসা মাঠে হামলার ঘটনা ঘটে বলে জানান মুলাদী থানায় ওসি আরাফাত জাহান চৌধুরী।

তিনি বলেন, আড়িয়াল খাঁ নদীর গৌরনদী উপজেলার সাহেবের চর ও মুলাদী উপজেলার নাজিরপুরের মধ্যে ৬১৯ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণ করেছে এলজিইডি। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনলাইনে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল। 

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। অনুষ্ঠান শুরুর আগেই একদল লোক মঞ্চে হামলা করে। হামলাকারীরা সেতুর নামফলক ভেঙে ফেলার পাশাপাশি কর্মকর্তাদের সামনে সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লাল গালিচা নিয়ে যান। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়; আর সরকারের অপূরণীয় ক্ষতি হয়। 

ওসি আরাফাত জাহান বলেন, হামলাকারীদের নাম, ঠিকানা সংগ্রহ করতে না পারায় অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ ও এর নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এমদাদুল হক মজনুকে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো এবং ক্ষতিগ্রস্ত জমি মালিকদের পাওনা বুঝিয়ে না দেওয়ায় হামলার ঘটনা ঘটে।

বরিশালে স্থানীয়দের হামলায় সেতুর উদ্বোধন পণ্ড