১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁর আম বাজারে আসছে ২২ মে, ধাপে ধাপে আসবে বিভিন্ন জাত

জিআই স্বীকৃতি পাওয়া ‘নাক ফজলি’ আম বাজারে আসবে ৫ জুন থেকে। আর সবচেয়ে বেশি উৎপাদিত ‘আম্রপালি’ আম সংগ্রহ শুরু হবে ১৫ জুন থেকে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 08:26 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁয় এবার ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। তবে ওই দিন থেকে কেবল গুঁটি জাতের আম সংগ্রহ করা যাবে।

এ জেলায় জিআই স্বীকৃতি পাওয়া ‘নাক ফজলি’ আম বাজারে আসবে ৫ জুন থেকে। আর সবচেয়ে বেশি উৎপাদিত ‘আম্রপালি’ আম সংগ্রহ শুরু হবে ১৫ জুন থেকে। 

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহের এ সময়সূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সময়সূচি অনুযায়ী ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষীরসাপাত বা হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাংগো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন সংগ্রহ করা যাবে।

সভায় জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। তবে সময়ের আগে কোনো দুর্যোগ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আম সংগ্রহ করা যাবে।

তিনি বলেন, আম পাকানো বা সংরক্ষণে কোনো রাসায়নিক মেশানো যাবে না। ভেজাল ঠেকাতে পরিবহনের আগে এই অঞ্চলের সবচেয়ে বড় আমের বাজার সাপাহার উপজেলা সদর বাজার, পোরশার নোচনাহার, সারাইগাছিসহ বিভিন্ন বাজারে বিশেষ নজরদারি রাখবে জেলা প্রশাসন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল সভায় বলেন, চলতি মৌসুমে নওগাঁয় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৭ হাজার ২৩৫ টন।

তিনি বলেন, জেলায় উৎপাদিত আমের প্রায় ৭০ শতাংশই আম্রপালি। এ ছাড়া নাক ফজলি, বারি আম-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগো ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে। এবার প্রায় চার হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।