১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভ্যানচালক কারাগারে

আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে তাকে হাতেনাতে আটক করে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 02:48 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক ভ্যানচালককে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠায় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার সুকুমার কুন্ডু।   

গ্রেপ্তার রেয়াজুল শেখ (৪৩) কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে। 

একই উপজেলার ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, শুক্রবার বিকালে তার মেয়ে গ্রামের বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। এ সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তার মেয়েকে মন্দিরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

এ সময় আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে তাকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির বাবা দ্রুত এ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন। 

কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার সুকুমার কুন্ডু বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। মামলার একমাত্র ভ্যানচালক রিয়াজুল শেখ। 

শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।