নোয়াখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
“যুবকের শরীরে ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোনো আঘাতের চিহ্ন নেই।”
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পরিত্যক্ত মাছের আড়ত থেকে এক যুবকের রক্তাক্ত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরের দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশের এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পায় বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান।
তবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি লিটন দেওয়ান বলেন, “যুবকের শরীরে ছোট আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমরা তার পরিচয় বের করার চেষ্টা করছি।”
বিকালে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
