সিলেটে ছুরিকাঘাতে বৃদ্ধা খুন, ছেলে পলাতক
পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে রহিমাকে তার ছেলে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
সিলেট নগরে পারিবারিক বিরোধের জের ধরে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছেন।
সোমবার দুপুরে নগরের শাহপরাণ আবাসিক এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহপরাণ থানার ওসি মনির হোসেন।
নিহত রহিমা বেগম (৭০) ওই এলাকার আব্দুল গাফ্ফারের স্ত্রী। তবে তাদের মূলবাড়ি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে। রহিমার ছেলের নাম বদরুল ইসলাম (৪২)। বদরুল মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।
ওসি মনির হোসেন বলেন, “রোববার রাতের কোনো এক সময় ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
“মৃতদেহের পাশ থেকে একটি ছুরি পাওয়া গেছে। পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে রহিমাকে তার ছেলে বদরুল হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ঘটনার পর থেকে বদরুল পলাতক আছেন।”
ময়নাতদন্তের জন্য লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহতের ছেলেকে ধরতে অভিযান চলছে জানিয়ে ওসি মনির হোসেন বলেন, বাবা-মার চতুর্থ সন্তান বদরুল মসজিদে ইমামতি করতেন। তবে ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় আছেন।
এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
