শেরপুরের ‘ডাকাত দলের’ ৩ সদস্য গ্রেপ্তার
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শেরপুরের ঝিনাইগাতীতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমীন।
গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা পূর্ব কেদার গ্রামের আব্দুর রহমানের ছেলে মোখলেসুর রহমান (৩৫) ও একই জেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।
ওসি জানান, ভোরে উত্তর পানবর এলাকার কবরস্থান এলাকার ওপর কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনকে জনকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যেতে সক্ষম হয় চার-পাঁচজন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আল আমীন আরও বলেন, গ্রেপ্তাররা সহ পালিয়ে যাওয়া অজ্ঞাতদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।
