পিরোজপুরে ঘর থেকে হাত-পা বাধা কৃষকের মৃতদেহ উদ্ধার
অনেক বেলা পর্যন্ত তার কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ করতে যান।
পিরোজপুর সদর উপজেলায় ঘর থেকে হাত-পা বাধা এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করেছে বলে জানান পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী ।
নিহত তপন হালদার (৫৫) ওই গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে।
দূর্গাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তপনের এক ছেলে সাতক্ষীরায় চাকুরি করে এবং অন্য মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে কর্মরত। আর তার স্ত্রী বেড়াতে বরিশাল গিয়েছিলেন। তাই তপন একাই বাড়িতে ছিলেন।
বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তার কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশের পরিদর্শক জুলফিকার আলী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু নেওয়ার ঘটনা ঘটেনি। তদন্তের পরে এ বিষয় বিস্তারিত বলা যাবে।
