১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে দাবি উপজেলা প্রশাসনের।

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক
শেরপুর শহরের শেখহাটি বাজারের একটি গোডাউন থেকে জব্দ করা চাল।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

শেরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে; যেগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে দাবি উপজেলা প্রশাসনের। এ ঘটনায় আটক করা হয়েছে এক ডিলারকে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে শহরের শেখহাটি বাজারের একটি গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয় বলে জানান শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম।

আটক নজরুল ইসলাম (৩৫) সদর উপজেলা পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের প্রয়াত একাব্বর আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন। সম্প্রতি তিনি গ্রাহকদের চাল না দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত এন্টারপ্রাইজ’ সংলগ্ন গোডাউনে অবৈধভাবে মজুত করছিলেন।

গোপন খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ২৪৮ বস্তা চাল জব্দ করেন।

ওসি জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। জব্দ করা চাল থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।