সিরাজগঞ্জে পুকুরপাড়ে নারী গ্রাম পুলিশের লাশ, গলায় জখমের দাগ
সকালে পুকুরের পাড়ে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুরের পাড় থেকে গ্রাম পুলিশের এক নারী সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরের পাড়ে লাউয়ের মাচার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মণ।
নিহত আন্না রানী (৩৮) সলঙ্গা ঋষি পাড়ার মৃত বীজন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এসআই ব্রজেশ্বর বলেন, সকালে ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত নারীর গলায় জখমের দাগ রয়েছে। তাকে হত্যা করে মরদেহ পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“তবে কারা, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।”
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
