Published : 12 Aug 2025, 07:17 PM
ঢাকার সাভারে টিসিবির পণ্য পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি মো. জালাল উদ্দিন বলেন, সোমবার গভীর রাতে বিরুলিয়া রোডের কালিয়াকৈর এলাকা থেকে পিকআপ ভর্তি টিসিবির পণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. লিটন মিয়া (৩৯) শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর হালিশ গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পিকআপ থেকে টিসিবির ১৮ লিটারের ১০০ কার্টন সয়াবিন তেল, ৫০ কেজির ৩০ বস্তা আটা, ৫০ কেজির ১৬ বস্তা চিনি, ৫০ কেজির ২৭ বস্তা মুসুরের ডাল জব্দ করা হয়েছে। এই পণ্যের ডিলার মো. আতিক।
এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি জালাল।
তবে এ ব্যাপারে টিসিবির ডিলার মো. আতিকের মোবাইলে কল করা হলে তিনি ধরেননি।