১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা সালাহ উদ্দিন ৯ বছর পর কক্সবাজারে

সালাহ উদ্দিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা সালাহ উদ্দিন ৯ বছর পর কক্সবাজারে
কক্সবাজার বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 06:43 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

দীর্ঘ নয় বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। 

বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 

বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে বিমানবন্দর, কক্সবাজার শহর, কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক-মহাসড়কে তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সালাহ উদ্দিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে বিমানবন্দর সড়ক ও শহরের সড়ক-উপসড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। 

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, সালাহ উদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের কবর জিয়ারত করবেন। 

পাশাপাশি তিনি বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে শিকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন। তখন তিনি যুগ্ম মহাসচিব হিসেবে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।

নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে মেঘালয়ের শিলংয়ের পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় সালাহ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভারতে প্রবেশ করলেও তার কোনো বৈধ কাগজপত্র সেসময় মেঘালয় পুলিশ না পাওয়ায় ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখায়।

সেই মামলায় ২০১৫ সালের ২২ জুলাই শিলংয়ের আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

মেঘালয় পুলিশের করা ওই মামলায় ২০১৮ সালের ২৬ অক্টোবর খালাস পান সালাহ উদ্দিন। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে।

ওই আপিল নিষ্পত্তি করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি শিলং জজ কোর্ট তাকে খালাস দেয়। দ্রুত যেন তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়, সেই নির্দেশনা দেয় আদালত।

পাসপোর্ট না থাকায় সালাহ উদ্দিন আহমেদ দেশে ফিরেছেন ট্র্যাভেল পাস (ট্রাভেল পারমিট) নিয়ে । তিনি এই পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেছিলেন।

৫ অগাস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর সালাহ উদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম হয়। আইনি জটিলতা কাটিয়ে তিনি ১১ অগাস্ট নিজ দেশে ফিরেন।