১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাসিয়া পুঞ্জিতে পান গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের এই মানববন্ধনে শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 10:57 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এক দম্পতির প্রায় ১২ শতাধিক পান গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন আদিবাসীরা।

বৃহস্পতিবার কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কুলাউড়া থানার ওসির কাছেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে আদিবাসীদের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অনন্ত ও সরিস লামারাই দম্পতিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, আদিবাসী পান চাষিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, প্রথাগত ভূমি অধিকার রক্ষা করা, পুঞ্জি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

নেতারা বলেন, ২৮ মার্চ রাতে কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী দম্পতি অনন্ত ও সরিস লামারাইয়ের পানের জুমে প্রায় ১২ শতাধিক পান গাছ কেটে ফেলা হয়।

ক্ষতিগ্রস্ত অনন্ত লামারাই বলেন, দুর্বৃত্তরা তার পানের জুমে ঢুকে গাছ কেটে দেয়। সকালে গিয়ে তিনি দেখতে পান অধিকাংশ গাছ মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। পান চাষই ছিল তার পরিবারের একমাত্র জীবীকা। 

স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, দুর্বৃত্তদের হামলায় অনন্তের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, অনন্ত নামে একজন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।