১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারের আগাম পদক্ষেপে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী

“পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 03:12 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

সরকার আগাম পদক্ষেপ নেওয়ার কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, “বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনা করে রোববার থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবেন।”

মীর মোহাম্মদ হেলাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।” 

অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে বলেও অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন। 

এ সময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে জায়গায় ত্রাণ বিতরণ করেন। 

ত্রাণ সহায়তা অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।