Published : 27 Jun 2026, 02:18 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মসজিদের মক্তবে সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আশকর পাড়া জামে মসজিদ ও মক্তব থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম।
গ্রেপ্তার মনির হোসেন (২১) ওই গ্রামের আকন্দ পাড়ার মিলন মিয়ার ছেলে ও ওই জামে মসজিদের মুয়াজ্জিন এবং মক্তবের শিক্ষক।
কামাড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদ বলেন, কিশামতবাগচী আশকর পাড়া জামে মসজিদেই প্রতিদিন বিকালে মক্তবের কার্যক্রম পরিচালনা করা হয়। মসজিদের মুয়াজ্জিন মনির হোসেন মক্তবের একমাত্র শিক্ষক।
শুক্রবার বিকালে মক্তব ছুটির সময় মুয়াজ্জিন এক শিশুকে কৌশলে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে রাতে পুলিশ ওই শিক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আটক শিক্ষক মনির হোসেনকে শনিবার দুপুরে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়েছে।