ফেরি থেকে ধলেশ্বরীতে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১
মাঝনদীতে সামনের দিকে থাকা ট্রাক হঠাৎ চালু হলে সেটি সামনে থাকা অন্যান্য বাহন নিয়ে নদীতে পড়ে যায়।
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যান। এ ঘটনায় একজন ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে বলে জানান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।
এখনও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। বাহনগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।
পুলিশ কর্মকর্তা রকিব বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এতে ট্রাকটিসহ সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়।
এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
“আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যে কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলেও স্টিয়ারিংয়ে বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি বাহনের সবকয়টি পানিতে তলিয়ে গেছে”, যোগ করেন তিনি।
নিখোঁজ ব্যক্তি ও যানবাহন উদ্ধারে তৎপরতা দ্রুতই শুরু করার কথা বলেন পরিদর্শক রকিব।
