১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অটোরিকশার পেছনে মাইক্রোর ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেল যাত্রী

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলাবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নগরবাড়ি এলাকার টাঙ্গাইল-তারাকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আটেরিকশার চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, একজন যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইলে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

চালক বাইরে বের হয়ে আসতে পারলেও আগুনে পুড়ে মারা যান এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে অটোরিকশা সম্পূর্ণ পুড়ে গেছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।”

এসআই আমিনুল ইসলাম বলেন, চালকসহ মাইক্রোবাসটি আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।