Published : 01 Aug 2026, 03:56 PM
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. গোলাম ফারুক।
নিহত মো. আতিয়ার (৪৪) যশোর জেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা গোলাম ফারুক বলেন, সকালে মাদ্রাসার সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করছিলেন আতিয়ারসহ অন্যরা। এ সময় হঠাৎ ট্যাংকের দেয়াল ধসে নিচে চাপা পড়েন আতিয়ার।
খবর পেয়ে বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেয়ালের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।