Published : 26 Dec 2025, 01:28 PM
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মৌসুমের প্রথম এই শৈত্যপ্রবাহ জেলার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জানিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, শুক্রবার থেকে এই মৌসুমে চুয়াডাঙ্গা জেলার প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রা নিচে নেমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
মূলত বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
এদিকে তীব্র শীতের কারণে বৃহস্পতিবার রাত থেকেই শহরে মানুষের আনাগোনা কমে গিয়েছিল। শুক্রবার সকালের দিকেও শহরে মানুষের উপস্থিতি কম ছিল।
চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী হাশেম আলী বলেন, শীতের বাজারে মানুষের উপস্থিতি কম। আমাদের দোকানের কর্মচারীরাও আসেনি। একাই ব্যবসা সামলাচ্ছি। কয়েকদিন আগে থেকেই শীত বেড়েছে।
তীব্র শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগে বেশি পড়তে হয়েছে। তাদের উপার্জন কমে গেছে। ভ্যান ও রিকসা চালকরা যাত্রী পাচ্ছেন না। কৃষি শ্রমিকরাও মাঠে কাজ করতে পারছেন না।
কৃষি শ্রমিক সামসুল হক বলেন, সকালে ও রাতে কুয়াশা থাকছে। কুয়াশায় অনেক ফসলের ক্ষতির আশংকা থাকে। বিশেষ করে বীজতলা নষ্ট হওয়ার ভয় থাকে।