১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পদ্মার এক বাঘাইড় ৬৬ হাজারে বি‌ক্রি

মাছ‌টির ওজন ছি‌ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 01:03 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার পদ্মা নদী‌তে জে‌লের জা‌লে ধরা প‌ড়া এক‌টি বাঘাইড় মাছ ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি হ‌য়ে‌ছে। মাছ‌টির ওজন ছি‌ল ৩৫ কে‌জি ৮০০ গ্রাম।

রোববার ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদ‌ূ‌রে কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে ব‌লে স্থানীয় মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানিয়েছেন। 

খলিল ব‌লেন, ভোর রা‌তে দল নিয়ে পদ্মায় মাছ শিকা‌রে যান। নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে জাল ফে‌লেও মা‌ছের দেখা পাচ্ছিলেন না। প‌রে কলাবাগান এলাকায় জাল ফেল‌লে আটকা প‌ড়ে বিশাল আকৃ‌তির বাঘাইড় মাছ। এরপর সকা‌লে মাছ‌টি দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়।

তিনি বলেন, “পরে মেপে দেখা যায়, মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম হয়েছে। সেসময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।” 

সম্রাট শাহজাহান শেখ ব‌লেন, “মাছ‌টি কেনার পর ফে‌রিঘা‌টের পন্টু‌নের সঙ্গে বেঁ‌ধে রাখা হয়। প‌রে দে‌শের বি‌ভিন্ন জায়গায় যোগা‌যোগ ক‌রে এক কাতার প্রবাসীর কা‌ছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করা হয়।”

রাজবাড়ী বন বিভা‌গের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সানজিদা সুলতানা ব‌লেন, “প্রকাশ্যে বাঘাআইড় বি‌ক্রির কোন অ‌ভি‌যোগ পাই নি। অ‌ভি‌যোগ পে‌লে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।”