Published : 15 Jul 2026, 05:36 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার দুপুর দেড়টার দিকে পরীক্ষার হল থেকে বেরিয়ে শিক্ষার্থীরা শহরের সিও অফিস মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে পিরোজপুর-ঢাকা মহসড়কে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভের একপর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীরা যে অসংগতিগুলো নিয়ে আন্দোলন করছে তার সঙ্গে সংহতি জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধের আগে জেলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে। পরে সড়ক অবরোধের সময় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়।
বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করতেই এসেছি। সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়েই আমরা সবসময় কাজ করি। শিক্ষার্থীদের যে অসংগতিগুলো আছে সেগুলো সমাধানের পথে।”
এ সময় ছাত্রদল নেতা জনদুর্ভোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরীক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছাত্রদল আছে। ছাত্রদের বিপক্ষে যায় এমন কোনো কর্মকাণ্ডে ছাত্রদল নাই।”
পরে জেলা ছাত্রদলের নেতারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পরামর্শে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।