ঝালকাঠিতে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
“গরু চুরি করে ট্রলারে তোলার সময় এলাকাবাসীর কাছে ধরা পড়েন রাজ্জাক।”
ঝালকাঠির নলছিটি উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সাধারণ জনগণ।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান।
নিহত ৩০ বছর বয়সী আব্দুর রাজ্জাক উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, “গরু চুরি করে ট্রলারে তোলার সময় এলাকাবাসীর কাছে ধরা পড়েন রাজ্জাক। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।”
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
