লালমনিরহাটে নিজ ঘরে পড়েছিল যুবকের গলাকাটা লাশ
রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী।
নিহত তাহমিদুল রহমান তারা (৩৫) ওই এলাকার প্রয়াত আহমেদের ছেলে।
গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তাহমিদুল বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে এবং পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।
সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তাহমিদুলের ভাই ইউপি সদস্য মুকুল মিয়া বলেন, “আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার স্ত্রী বিদেশে থাকেন। কে বা কারা রাতে তাকে খুন করেছে। আমি ন্যায়বিচার চাই।”
ওসি মাহমুদ-উন-নবী জানান, তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
