Published : 14 Jul 2025, 11:30 PM
খুলনায় লেভেল ক্রসিংয়ে অচল হয়ে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।
দুর্ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তারপর পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে খুলনা নগরের খানজাহান আলী থানাধীন আফিল গেইট এলাকায় এ দুর্ঘটনার তথ্য দিয়েছেন খুলনা খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহতের হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সাথে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জাকির জানান।
খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে অচল হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গেইটম্যান ওহেদুল পলাতক রয়েছে।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেইট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়ার পর অচল হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয় এবং কিছুদূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়।
ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।
ওসি বলেন, দুর্ঘটনায় আহত একজন বয়স্ক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়সের এক ব্যক্তি মারা গেছেন।