১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে ১০ সোনার বার জব্দ, একজন আটক

এর বাজারমূল্য প্রায় দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 11:33 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

চুয়াডাঙ্গার দর্শনায় পাচারের সময় ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। 

সোমবার সকালে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান।  

আটক আলমগীর খান (৫৫) দর্শনার মোবারক পাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। 

কিন্তু ওই ব্যক্তি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। 

সেখানে ১০টি বারে মোট এক কেজি ১৬৬ গ্রাম সোনা ছিল। এর বাজারমূল্য প্রায় দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।