০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মাধপুর হাইওয়ে থানার ওসি বলেন, বাসের চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 10:47 AM

Updated : 26 Aug 2026, 01:19 PM

পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত আবুল হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা কালীদর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

ওসি মোস্তাফিজার বলেন, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের  পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, বাসের চালক ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।