১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে নদীতে ঝিনুক তুলতে গিয়ে কিশোরের মৃত্যু

ওসি বলেন, ছেলেটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে ঝিনুক তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীর গভীরে চলে যায় সে। কিন্তু আর উঠতে পারেনি।

পঞ্চগড়ে নদীতে ঝিনুক তুলতে গিয়ে কিশোরের মৃত্যু
করতোয়া নদী, ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে ঝিনুক তুলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের শালবাড়ি আউলিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি মো. আজিম উদ্দীন জানিয়েছেন। 

১৬ বছর বয়সী দিপঙ্কর রায় ওই ইউনিয়নের জায়গীর প্রধানপাড়া গ্রামের ধনেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় বরাতে ওসি মো. আজিম উদ্দীন বলেন, বুধবার দুপুরে দিপঙ্করসহ ৮-১০ জন কিশোর করতোয়া নদীতে ঝিনুক তুলতে যায়। অন্য কিশোররা ঝিনুক সংগ্রহ করে যে যার মতো ফিরলেও দিপঙ্কর বাড়ি ফেরেনি। তখন তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। 

পরে বিকালে স্থানীয় লোকজনসহ করতোয়া নদীর বালু শ্রমিকরা দিপঙ্করকে নদীর গভীর পানি থেকে উত্তোলন করে। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ছেলেটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে ঝিনুক তুলতে গিয়ে অসাবধনতাবশত নদীর গভীরে চলে যায় সে। কিন্তু আর উঠতে পারেনি। 

অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।