২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৮৪ মণ আম ধ্বংস

এ ঘটনায় এক পিকআপ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 05:55 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাসায়নিক দিয়ে পাকানো প্রায় ৮৪ মণ অপরিপক্ব আম জব্দ করার পর ধ্বংস করেছে প্রশাসন। এ ঘটনায় এক পিকআপ চালককে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।

তিনি বলেন, গোপন খবর পেয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে একটি পিকআপ আটক করা হয়। পরে পিকআপ থেকে ১৬৮ ক্যারেটে তিন হাজার ৩৬০ কেজি অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার মাইনুল ইসলাম খান বলেন, জব্দ করা আম শুক্রবার দুপুরে উপজেলার শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে নিয়ে ট্রাক চাপা দিয়ে নষ্ট করা হয়।