২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব, রাবিতে বিক্ষোভ

সরকারের এই প্রস্তাব দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি করবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 09:29 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজিব বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে।

“আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়িয়েছি, তেমনি বর্তমান সরকারও যদি মামা-খালু, মন্ত্রীদের সুপারিশ বা দলীয় বাণিজ্যের মাধ্যমে নিয়োগে দলীয়করণ করতে চায়, শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিরোধ করবে।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, “কোটার বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। আপা দিতে চেয়েছিল এক কোটা, ভাইয়া দিতে চাচ্ছে আরেক ভাইভা কোটা। 

“আমরা পূর্বে যেমন জাগ্রত ছিলাম, এখনো আছি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না।”