Published : 20 Apr 2026, 03:09 PM
মহাসড়কে নিরাপদ যাতায়াত ও জনগুরুত্বপূর্ণ স্থানে ‘ফুট ব্রিজ’ নির্মাণের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
সোমবার প্রায় ঘণ্টাব্যাপী বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবরোধ চলাকালে গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হক বক্তব্য দেন।

বক্তারা বলেন, মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের কারণে প্রায়ই মানুষ মারা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে ফুট ব্রিজ অথবা স্পিড বেকার নির্মাণের জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষ নিরব।
তাই বিক্ষুব্ধ জনতা বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।