১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

“আমাদের ধারণা তিনি চুরির উদ্দেশ্যেই রানওয়েতে প্রবেশ করেছিলেন। চুরির কিছু আলামতও মিলেছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, আগের রাত ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন তারা।

বিমানবন্দর কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মৃত ২৬ বছর বয়সী সুমন আহমদ এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, রাত ১০টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পশ্চিম পাশে বিদ্যুতের তারের সঙ্গে কোনো কিছু সংস্পর্শে আসার সংকেত পান। তখন সিসি ক্যামেরায়ও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না।

কিছুক্ষণ পর ওই স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে এক যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওসি আনিসুর রহমান বলেন, “বিমানবন্দরের ভেতের কেন এবং কিভাবে ওই যুবক প্রবেশ করলেন এটি তদন্তের বিষয়। তিনি সেখানে কেন গিয়েছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।”

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “আমাদের ধারণা তিনি চুরির উদ্দেশ্যেই রানওয়েতে প্রবেশ করেছিলেন। চুরির কিছু আলামতও মিলেছে। পুলিশ কাটার মেশিন উদ্ধার করেছে।

“আমাদের এখানো ছোট-ছোট ট্রান্সফরমার আছে, যেগুলো আগেও চুরি হয়েছে। ট্রান্সফরমার ভেতরের তামার তার চুরি করে বিক্রি করা হয়। এই বিষয়ে আমরা মামলা করেছি।’’

ওই যুবক কীভাবে রানওয়েতে প্রবেশ করলেন এ প্রশ্নে তিনি বলেন, “আমাদের ১০ কিলোমিটার বাউন্ডরি রয়েছে।   ওই সময়ে ফ্লাইট অপারেশন চলছিল। বিমানবন্দরের রানওয়ের চারপাশে সীমানা দেওয়াল আছে। বিমানবন্দরের নিরাপত্তায় কোন ঘাটতি নেই।”