১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নৌকা ডুবে’ ভারতের সীমায়, ১০ জনকে ফেরত দিল বিএসএফ

উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে; তারা সুস্থ আছেন, বলেন বিজিবি কর্মকর্তা কাজী মোস্তাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 01:48 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

‘পদ্মা নদী থেকে উদ্ধার করে’ ১০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফ।

শনিবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে এই ১০ জনকে গ্রহণ করার তথ্য দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।

স্বজনদের হাতে তুলে দেওয়া ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২) ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) এবং আল আমিন (৯)। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর (বকরী পাড়া) গ্রামে।

এ ঘটনায় একই গ্রামের মো. মোস্তফা (৬০) এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রবু বলেন, বিকাল ৫টার দিকে সদর উপজেলার বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে মাঝিসহ ১২ জনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। মাঝপথে স্রোতে নৌকাটি ডুবে যায়।

এ সময় মো. ওয়াসিম (২৩) সাঁতরে একটি চরে উঠতে সক্ষম হন। অপর ১০ জন স্রোতের তোড়ে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান। সেখানে বিএসএফের টহল দলের একটি স্পিডবোট তাদের ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে।