১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যুবক

গুলিবিদ্ধ যুবকের নাম সম্রাট কাজী; গুলি লেগেছে তার বাঁ হাতে।

খুলনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যুবক
সম্রাট কাজী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 12:48 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

খুলনা নগরীর জিন্নাহপাড়া এলাকায় গুলি করে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানিয়েছেন। 

গুলিবিদ্ধ যুবকের নাম সম্রাট কাজী (২৮)। গুলি লেগেছে তার বাঁ হাতে। 

সম্রাটের বাড়ি নড়াইল জেলায়। তিনি খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।

ওসি বলেন, রোববার রাত ৯টার কিছু আগে নগরের জিন্নাহপাড়া এলাকার একটি চা-দোকানে অবস্থান করছিলেন সম্রাট।

“ওই সময় কয়েক সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাঁ হাতে লাগে।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিপইয়ার্ডে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি বলেন, পূর্বশত্রুতার জেরে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। তাদের দুজনের নামেই হত্যাসহ ছয়টি করে মামলা রয়েছে। একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন বলে জানিয়েছেন সদর থানার ওসি শফিকুল ইসলাম।

ওসি বলেন, নিহত দুজনই ‘সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী’। তারা দুজনই আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হন।