Published : 05 May 2026, 08:23 PM
উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলামের দাবি, গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ (১৯) তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।
মোহাম্মদ উল্লাহ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
মঙ্গলবার বিকাল ৫টায় ওসি বলেন, সোমবার ২৪ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মোহাম্মদ উল্লাহর সক্রিয় উপস্থিতির প্রমাণ মিলেছে।”
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
বিস্ফোরক, আগ্নেয়াস্ত্রসহ ৪ ‘উগ্রবাদী’ গ্রেপ্তার, সাংগঠনিক পরিচয় নিয়ে ধোঁয়াশা