সিরাজগঞ্জে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
বিদ্যালয়ের তিন তলা ভবনের ছাদে লাগানো গাছে পানি দেওয়ার সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্র নিচে পড়ে যায় বলে জানায় পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশু শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
নিহত বায়েজিদ (১০) সদরের সারটিয়া কলেজপাড়ার নজরুল ইসলামের ছেলে। সে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
ওসি রাকিবুল হাসান বলেন, সকালে বায়েজিদ বিদ্যালয়ের তিন তলা ভবনের ছাদে লাগানো গাছে পানি দিচ্ছিল। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
